কো- ব্র্যান্ডেড কার্ডে ডিজিটাল মার্কেটিং লেনদেন সুবিধা পেয়ে বেসিসের কৃতজ্ঞতা প্রকাশ

১৮ জানুয়ারি, ২০২০ ১৯:১৭  
গত বছর নভেম্বরে কো- ব্র্র্যান্ডেড কার্ডের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের পেম্যান্ট প্রদান করার সুবিধা চেয়েছিলে বেসিস। বেসিসের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি সারক্যুলার জারি করে কো- ব্র্র্যান্ডেড কার্ডের প্রস্তাবনা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বার্ষিক ব্যয়সীমা ৩০ হাজার  থেকে ৪০ হাজার মার্কিন ডলার করেছে। এই খবরটি গত সপ্তাহেই পাঠককে জানিয়েছিলো ডিজিবাংলা। শনিবার (১৮ জানুয়ারি) এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বেসিস। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বেসিসের প্রস্তাবনা গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা স্থানীয় তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালী করার কাজ করে যাচ্ছি। আমরা আনন্দিত বাংলাদেশ ব্যাংক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় আমাদের সহায়তা করেছেন। ক্রমবর্ধমান এই খাতের প্রসারের বেসিস সদস্যদের জন্য নেওয়া সিদ্ধান্ত সুদূরপ্রসারী সুফল বয়ে আনবে। আমি বাংলাদেশ ব্যাংক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সর্বোপরি বাংলাদেশ সরকারকে স্থানীয় তথ্যপ্রযুক্তি খাতের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এ বিষয়ে বেসিস ডিজিটাল মার্কেটিং স্থায়ী কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালক এবং বেসিস পরিচালক দিদারুল আলম বলেন, ডিজিটাল মার্কেটিং খাত আগের চেয়েও দ্রুত গতিতে বিকশিত হচ্ছে এবং এর মাধ্যমে স্থানীয় প্রতিষ্ঠানের আকার এবং কর্মসংস্থান বেড়েছে। বেসিস সদস্য প্রতিষ্ঠানের তরফ থেকে স্থানীয় খাতের বিকাশে বেসিস সদস্য তথা সমগ্র খাতের জন্য সহায়ক সিদ্ধান্ত নেওয়ায় আমি বাংলাদেশ ব্যাংক-কে ধন্যবাদ জানাচ্ছি। প্রসঙ্গত, প্রতি বছর ২০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে ফেসবুক এবং গুগলসহ অন্যান্য বিদেশি অনলাইন বিজ্ঞাপনী চ্যানেলে পরিশোধ করা হচ্ছে। এই অর্থের একটা বড় অংশ পরিশোধ করা হয় বিভিন্ন ব্যাংক থেকে ইস্যুকৃত ক্রেডিট ও প্রি-পেইড কার্ডে। এ ধরনের কার্ডে ট্রাভেল কোটায় বছরে ১২ হাজার মার্কিন ডলার পর্যন্ত খরচের সুবিধা থাকে। বিভিন্ন দেশি ও বিদেশি প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান, ছোট এজেন্সি, ই-কমার্স ও এফ-কমার্স মডেলের অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সুবিধা ব্যবহার করেই গুগল এবং ফেসবুকে বিজ্ঞাপনের মূল্য পরিশোধ করে থাকে।